২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বর মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজ, উদ্বোধনী পর্বের দুটি ম্যাচও সেখানেই। এরপর বাকি পাঁচ ম্যাচ ও ২৯ নভেম্বরের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে।
এ মৌসুমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ শেষ পর্যন্ত রূপ নিচ্ছে ত্রিদেশীয় আয়োজনে। আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজকে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজে রূপ দেয়া হয়েছিল। একইভাবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি–টোয়েন্টি বাতিল হয়ে এখন যোগ হচ্ছে এই নতুন সিরিজে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগের মতোই হওয়ার কথা রয়েছে, যার সূচি পরে জানানো হবে।
এই সিরিজ দিয়েই পাকিস্তানের মাটিতে এটিই আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। এর আগে তারা পাকিস্তানে পাঁচটি ওয়ানডে খেলেছে। সর্বশেষ ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে। আফগানরা এর আগে ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপের দুটি ম্যাচ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেললেও, সেসব আসরে তারা পাকিস্তানের মুখোমুখি হয়নি।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ নভেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
১৯ নভেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান
২২ নভেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা
২৩ নভেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
২৫ নভেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান
২৭ নভেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা
২৯ নভেম্বর: ফাইনাল

Post a Comment