বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দলে ভিড়েছেন তিনি। নিলামে ডারবান সুপার জায়ান্টস তাইজুলকে ভিত্তিমূল্য ৫ লাখ র্যান্ডে দলে নেয়।
৩৩ বছর বয়সী তাইজুলের এটাই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা। বিপিএলে নিয়মিত খেলার অভিজ্ঞতা থাকলেও এতদিন দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাননি তিনি। এবারের নিলামে বাংলাদেশ থেকে ছিলেন মোট ১৪ জন ক্রিকেটার। সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজসহ তারকা ক্রিকেটাররা দল না পেলেও ভাগ্য হাসলো তাইজুলের ওপরই।
নিলামে সবচেয়ে বেশি নজর কাড়েন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস, যাকে রেকর্ড ১৬.৫ মিলিয়ন র্যান্ড খরচ করে কিনে নেয় প্রিটোরিয়া ক্যাপিটালস। এছাড়া তাইজুলের দল ডারবান সুপার জায়ান্টস ১৪ মিলিয়ন র্যান্ডে দলে ভিড়িয়েছে প্রোটিয়া তারকা এইডেন মার্করামকে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আসরে ডারবান সুপার জায়ান্টসের হয়ে তাইজুল মাঠে নামবেন। দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন জস বাটলার, হেনরিখ ক্লাসেন, মার্করাম ও সুনীল নারিনের মতো বিশ্ব তারকাদের। নিঃসন্দেহে এটি বাংলাদেশের ক্রিকেট ও তাইজুলের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য বড় একটি অর্জন।

Post a Comment