সাকিব আল হাসানের বোলিং সামর্থ্যের কথা যেন জানেনই না ইমাদ ওয়াসিমের। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে পরপর তিন ম্যাচে মাত্র ১ ওভার করে বোলিং দিলেন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস অধিনায়ক। ফলে বেড়েই চলেছে সাকিবের ৫০০ উইকেটের অপেক্ষা।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ব্যাট হাতে হতাশ করলেও বোলিংয়ে ১টি উইকেট নেন সাকিব। যার সৌজন্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার শিকার এখন ৪৯৯ উইকেট।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি ৮ রানে জিতেছে সাকিবের অ্যান্টিগা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে স্বাগতিক দল। জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে থামে ত্রিনবাগোর ইনিংস।
৪ ম্যাচে ২ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের পর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই সাকিবের অ্যান্টিগা।
ত্রিনবাগোর বিপক্ষে ব্যাটিংয়ে ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে নামানো হয় সাকিবকে। তবে তেমন সুবিধা করতে পারেননি অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার।
পাঁচ ওভার ক্রিজে থেকে ১৩ বল খেলে ৭ রান করে আউট হন সাকিব। তার ব্যাট থেকে আসে একটি চার।
ফাবিয়ান অ্যালেন মাত্র ২০ বলে ৪৫ ও ইমাদ ওয়াসিম ২৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেললে লড়াইয়ের পুঁজি পায় অ্যান্টিগা।
এরপর শুরু হয় সাকিবের বোলিংয়ের জন্য দীর্ঘ অপেক্ষা। শেষ পর্যন্ত ষষ্ঠ বোলার হিসেবে ১৩তম ওভারে সাকিবের হাতে বল দেন অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম।

Post a Comment