ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই মানেই মর্যাদার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ চলাকালে খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের মধ্যেও বিরাজ করে উত্তেজনা। দুই প্রতিবেশী দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা সাম্প্রতিক সময়ে আরো বেড়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও।
সর্বশেষ এশিয়া কাপে দুই দলের মাঠের লড়াইয়েও ছিল দুই দেশের সম্পর্কের নেতিবাচক প্রভাব। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয় ভক্তদের মধ্যে। দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় এসিসি কিংবা আইসিসি ইভেন্টের জন্যও অপেক্ষা করতে হয়।
এবার জাতীয় দলের বাইরেও দেখা হচ্ছে দুই দলের। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে হংকংয়ে অনুষ্ঠিত হবে ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্ট। এই আসরে ভারত, পাকিস্তান দুই দেশই অংশ নিচ্ছে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
৫ ওভারের টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেবে বিশ্বের ১২টি দল। প্রতিটি দলে থাকবে ৬ জন ক্রিকেটার, আর টুর্নামেন্ট চলবে টানা তিন দিন। এরই মধ্যে দিনেশ কার্তিককে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারত। তার সঙ্গে দলে আছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নেতৃত্ব পাওয়ার পর কার্তিক বলেন, ‘হংকং সিক্সেসের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই দারুণ সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন ক্রিকেট খেলি যা উপভোগ করবে প্রতিটি দর্শক—দুঃসাহসী, আনন্দমুখর ক্রিকেট।’
অন্যদিকে, পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন তরুণ পেসার আব্বাস আফ্রিদি। দলে রয়েছেন খাজা মোহাম্মদ নাফায়, আব্দুল সামাদ ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ শেহজাদ। তবে সব ছাপিয়ে ফের আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ। আন্তর্জাতিক পর্যায়ে এখন তারা সৌজন্য বিনিময় করছেন না, ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে কি করবেন?
পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা

Post a Comment