২০২৪ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর আজম। এরপর এই তারকা ব্যাটারকে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও চলতি বছরের এশিয়া কাপে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে প্রায় এক বছর পর ফের প্রোটিয়াদের বিপক্ষেই টি-টোয়েন্টি দলে ফিরলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি সিরিজ ও পরবর্তী ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ জন ও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।
টি-টোয়েন্টিতে সালমান আলি আগার অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন থাকলেও তার কাঁধেই থাকছে নেতৃত্বের ব্যাটন। ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন আবদুল সামাদ ও নাসিম শাহ। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উদীয়মান ক্রিকেটার উসমান তারিক।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
পরে ১১ থেকে ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এরপর ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তান আয়োজন করবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হ্যারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলি আগা।

Post a Comment