প্রথম ম্যাচেই জয়! বিশ্বকাপে দারুণ সূচনা বাংলাদেশের!

 



বিশ্বকাপে শুরুটা ভালো করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।


আগে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।


টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। কিন্তু প্রথমে ব্যাটিংয়ে নেমে মারুফার তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারের শেষ দুই বলে ওমাইমা সোহাইল ও সিদরা আমিনকে বোল্ড করেন মারুফা।



শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুনিবা আলী-রামিন শামিম। তবে বেশি বড় জুটি গড়তে দেননি নাহিদা। মুনিবাকে ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন টাইগ্রেস এ স্পিনার। নাহিদার বলে নিশিতা আক্তারের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৫ বলে ১৭ রান করেন মুনিবা। রামিন ফিরেছেন ৩৯ বলে ২৩ রান করে। তার উইকেটও নেন নাহিদা।


আলিয়া রিয়াজ ও সিদরা নাওয়াজ বড় ইনিংস খেলতে পারেননি। তবে চেষ্টা করেছিলেন অধিনায়ক ফাতিমা। ৩৩ বলে ২২ রান করে ফেরেন তিনিও। পাকিস্তান অধিনায়ককে ফেরান ফাহিমা খাতুন।


বাংলাদেশের হয়ে ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার। দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার।


ছোট রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৭ বলে মাত্র ২ রান করে ফেরেন ওপেনার ফারজানা হক। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা বড় ইনিংস খেলতে পারেননি। ৩০ বলে করেছেন ১০ রান।


তবে ওপেনার রুবিয়া হায়দার করেছেন দারুণ ব্যাটিং। রান বেশি প্রয়োজন না থাকায় দেখেশুনে খেলেছেন টাইগ্রেস এ ব্যাটার। তবে সুযোগ পেলেই মেরেছেন বাউন্ডারি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক জ্যোতি। তাদের দুজনের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।


তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি জ্যোতি। ৪৪ বলে ২৩ রান করে ফিরেছেন সাজঘরে। তবে দলের জয় নিয়ে ঠিকই মাঠ ছাড়েন রুবাইয়া। শেষ পর্যন্ত ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন টাইগ্রেস ওপেনার। সোবহানা মোস্তারি খেলেছেন ১৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস।

Post a Comment

Previous Post Next Post