কিপ্টে বোলিংয়ের পর ব্যাট হাতে ফিফটি, নাসির হোসেন ফাইনালে তুললেন রংপুরকে। পেয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারও।
আপনি কি নাসির হোসেনকে জাতীয় দলে দেখতে চান?
দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে আবারো এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে পৌঁছে গেল রংপুর বিভাগ, যারা এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ খুলনা বিভাগ। নাসির হোসেনের অর্ধশতকের দিনে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলী। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান জড়ো করে বন্দরনগরীর দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন সাদিকুর রহমান, ৪৮ বলের মোকাবেলায় তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী খেলেন দারুণ এক ইনিংস। মাত্র ২৭ বলে দুইশ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে ৫৩ রান করে থাকেন অপরাজিত, হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। ২৭ বলে ২৮ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
জবাব দিতে নেমে রংপুর ওপেনিংয়ে পাঠায় নাসির হোসেনকে, সঙ্গী জাহিদ জাভেদ। জাহিদ ২৮ বলে ৩৫ রান করে বিদায় নিলেও দলের হাল ধরে রাখেন বিগত কয়েক ম্যাচে ওয়ান ডাউনে খেলা নাসির। ইকবাল হোসেন থিতু হতে না পারলেও নাসিরের ৪১ বলে গড়া ৫৪ রানের ঝলমলে ইনিংস দলকে জয়ের পথ দেখায়।
চারটি চার ও তিনটি ছক্কায় এই ইনিংস খেলে নাসির বিদায় নিলে হাল ধরেন অধিনায়ক আকবর। ২১ বলে ৪০ রানের ক্যামিও খেলার পথে একটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তাতে ম্যাচ চলে আসে হাতের মুঠোয়। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারালে লড়াই জমে ওঠে। শেষপর্যন্ত শেষ বলে জয় নিয়েই মাঠ ছাড়ে রংপুর, নিশ্চিত করে ফাইনাল।

Post a Comment