আইসিসির ওপর ভীষণ খেপেছেন পাকিস্তানের এক মন্ত্রী, ঘটনা কী?

 

সম্প্রতি আফগানিস্তানে তিন ক্রিকেটার নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে একটি বিবৃতি প্রকাশ করেছিল আইসিসি। এরপরই ক্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে আইসিসির এমন বিবৃতিকে ‘নির্বাচিত, পক্ষপাতদুষ্ট ও আগাম সিদ্ধান্তমূলক’ বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। 


রোববার (১৯ অক্টোবর) এক্স পোস্টে আতাউল্লাহ তারার বলেন, সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী পাকিস্তান আইসিসির পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। 


আইসিসি সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছিল যে, আফগানিস্তানের স্থানীয় তিন ক্রিকেটার পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন।


এ নিয়ে তারার ভাষ্য, আইসিসি কোনো স্বাধীন সূত্র বা প্রমাণ উপস্থাপন করেনি। এটি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরেছে, যা বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। 


পাকিস্তানের তথ্যমন্ত্রীর অভিযোগ, আইসিসির বিবৃতি প্রকাশের পরপরই এর চেয়ারম্যান জয় শাহ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একই ধরনের মন্তব্য করে ‘একটি কৃত্রিম প্রতিধ্বনি’ তৈরি করেছেন। 


তিনি বলেন, খেলাধুলায় কখনোই রাজনীতি ঢোকানো উচিত নয়। আইসিসিকে তার নিরপেক্ষতা, স্বাধীনতা ও ন্যায়নিষ্ঠ অবস্থান ফিরিয়ে আনতে হবে। বর্তমান নেতৃত্বের ভারতীয় পরিচয় কোনোভাবেই আইসিসির সিদ্ধান্তকে প্রভাবিত করা উচিত নয়।


তিনি আরও বলেন, আইসিসির বর্তমান নেতৃত্বের অধীনে একাধিক অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে, যা পাকিস্তান ক্রিকেটকে লক্ষ্যবস্তু করছে, এবং সাম্প্রতিক ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ।


Post a Comment

Previous Post Next Post