ঘরের মাঠে নেদারল্যান্ডসকে নিয়ে ছেলেখেলাই করছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পেয়েছে দাপুটে জয়। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। এবার হোয়াইটওয়াশের অভিযানে নামার অপেক্ষা।
সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তেমন একটা প্রতিরোধ গড়তে পারেনি নেদারল্যান্ডস। দাপট দেখিয়েছে বাংলাদেশই। এমন অসাধারণ ক্রিকেট খেলাটা অবশ্য বাংলাদেশের কাছে প্রত্যাশিতই ছিল।
নেদারল্যান্ডসের নিয়মিত একাদশে থাকা বেশ কিছু ক্রিকেটার নেই এই সিরিজে। নেদারল্যান্ডসের মত দলের জন্য বিষয়টি বেশ বড় ক্ষতিই। এছাড়া সিলেটের আলো-বাতাসের সাথেও ডাচরা অত বেশি পরিচিত নন। সব মিলিয়ে এই সিরিজটা নেদারল্যান্ডসের জন্য বেশ কঠিনই। অন্যদিকে ঘরের মাঠে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এই সিরিজ খেলেই এশিয়া কাপের বিমান ধরবে টাইগাররা। ডাচদের বিপক্ষে আদর্শ প্রস্তুতি কতটা হচ্ছে তা নিয়ে কিছু প্রশ্ন থাকলেও মাঠের পারফরম্যান্সে এক চুলও ছাড় দিচ্ছে না বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই আগে বোলিংয়ে নেমে ডাচদের অল্প রানে বেঁধে ফেলার ফর্মুলাতে সফল হয়েছে টাইগাররা।
তৃতীয় ম্যাচে টসে জিতলে কি আগে ব্যাট করবে বাংলাদেশ? রান ডিফেন্ড করার ক্ষেত্রে শিশিরের প্রভাব সামলানোর চ্যালেঞ্জও আছে টাইগারদের সামনে। এশিয়া কাপে আবুধাবিতে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই সকলের অনুমান। এর পাশাপাশি শুরুর দুই ম্যাচে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা এই ম্যাচে একটা সুযোগ পেতেই পারেন। লম্বা সময় পর স্কোয়াডে ফেরা নুরুল হাসান সোহানকে এই ম্যাচের একাদশে খেলানোর সম্ভাবনাই বেশি। সেই সাথে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনকেও।
সোহানকে একাদশে জায়গা করে দিতে গিয়ে একাদশের বাইরে চলে যেতে পারেন তাওহিদ হৃদয় বা জাকের আলী অনিক। এছাড়া প্রথম দুই ম্যাচে না খেলা শামীম হোসেন পাটোয়ারীর একাদশে খেলার সম্ভাবনাও আছে। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনকে। এশিয়া কাপের আগে সবাইকে ম্যাচ খেলার সুযোগ দেওয়াটা বেশ জরুরি। টাইগার টিম ম্যানেজমেন্ট সেভাবে চিন্তা করলেই হলো।
আগের দুই ম্যাচ জেতায় সিরিজ জয় নিশ্চিতই। তৃতীয় ম্যাচে ডাচদেরকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। জিততে পারলে ঘরের মাঠে ডাচদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা, দাপুটে ক্রিকেটের ধারা বজায় রেখেই যেতে পারবে এশিয়া কাপে। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এই ম্যাচ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই দলের লড়াই। বর্তমানে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। নিশ্চিত সিরিজ জয়, এবার সুযোগ হোয়াইটওয়াশের।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ :
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়/নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক/শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ/মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস :
ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।

Post a Comment