আইসিসি নিয়মে না থাকলেও খেলা শেষে দুই দলের হাত মেলানোটা ক্রিকেটীয় রীতি। তবে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গতকাল এশিয়া কাপে ৭ উইকেটের জয়ের পর হাত মেলানোর কোনো সৌজন্যতা দেখাননি ভারতের খেলোয়াড়েরা। এমনকি টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে নজর মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
এমন আভাস পাক অধিনায়ককে আগেই দিয়েছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। সূর্যর সঙ্গে কোনোভাবেই করমর্দন না করার পরামর্শ সালমানকে দেন আইসিসির এই এলিট রেফারি। যা ভালো চোখে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পক্ষপাতিত্বের অভিযোগ এনে এশিয়া কাপ থেকে জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে তাৎক্ষণিক অপসারণের দাবি জানিয়েছে তারা।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে এমনই দাবি জানিয়েছেন। এদিকে এক সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানতে পেরেছে, রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে আগামী ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে পাকিস্তান।
মহসিন নাকভি বলেন, ‘আইসিসি কোড অব কনডাক্ট ও এমসিসির ক্রিকেটীয় চেতনা বিধিমালা লঙ্ঘন করায় ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি। এশিয়া কাপ থেকে সেই ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে।’
পিসিবির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি মহসিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। এই পোস্টের ঘণ্টাখানেক পর আরেক পোস্টে তিনি লেখেন, ‘দেশের সম্মান ও মর্যাদার চেয়ে কোনো কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’
এদিকে ভারতের হাত না মেলানো বিষয়টির অভিযোগ করেও ম্যাচ রেফারির কোনো সাড়া পায়নি পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট জানায়, ‘টিম ম্যানেজার নাভিদ চীমা ভারতীয় খেলোয়াড়দের করমর্দন না করার আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এটি খেলার চেতনার পরিপন্থী ও অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিবাদ স্বরূপ আমরা অধিনায়ককে ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে পাঠাইনি।’
৬৯ বছর বয়সী অ্যান্ডি পাইক্রফট আইসিসির অভিজ্ঞ রেফারিদের একজন। ২০০৯ সাল থেকে এলিট প্যানেলে আছেন তিনি। এই পেশার আগে জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটার দেশের হয়ে ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ৩ টেস্ট ও ২০ ওয়ানডে খেলেছেন।

Post a Comment