ক্যারিয়ারসেরা ইনিংসে সাকিব! জাঙ্গু-ইমাদের মুখে সাকিবের প্রশংসা

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে আরও একবার নিজের সামর্থ্যের জানান দিয়েছেন সাকিব আল হাসান। ২৬ বলে ৬১ রান করে সিপিএল এর ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন সাকিব। যদিও দলকে জেতাতে পারেননি তিনি।



অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৬ বলে ৬১ রান করেন সাকিব। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০৪ রান তোলে অ্যান্টিগা। তবুও টিম সেইফার্টের ঝড়ো সেঞ্চুরিতে ১৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া।



তবে সাকিবের ইনিংসে মুগ্ধ তার দুই সতীর্থ আমির জাঙ্গু এবং ইমাদ ওয়াসিম। দলের অধিনায়ক ইমাদ ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আজকে (ব্যাটিং) ভালো হয়েছে। ২০৪ রান করেছি, যেকোনো দিন মেনে নিব এটা আমরা। ফিল্ডিং ম্যাচ জেতায়। প্রথমে নো বল, শুরুতে সুর বেঁধে দিতে হবে। ক্যাচ ড্রপ হয়েছে। এসব চান্স নিতেই হবে। হ্যাঁ, আমির জাঙ্গু ভালো খেলেছে। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারানোর পর সাকিব এসে দারুণ একটি ইনিংস খেলেছে পরে ফ্যাবিয়ান অ্যালেন যা ভালোভাবে করতে পারে তাই করেছে। ভালো স্কোর ছিল তবে ফিল্ডিংটাই ভুগিয়েছে আমাদেরকে।’



এছাড়া ইনিংস বিরতিতে আমির জাঙ্গু বলেছেন, ‘ওহ সাকিব ছিল একদম ক্লাস। আমার মনে হয় সে আমার কাজ আরও সহজ করে দিয়েছে। যেভাবে সে ক্রিজে এসেই বলকে আঘাত করা শুরু করেছে, (তাতে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে)।’



৮ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের ৩য় স্থানে রয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।


Post a Comment

Previous Post Next Post