বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ! সূচি প্রকাশ!

 

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলবে তারা। জানা গেছে, তাদের সফর সূচি নিয়ে বিস্তারিত।


তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। পুরো সিরিজটি তিন ভেন্যুতে আয়োজিত হবে বলে বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। সূচি চূড়ান্ত না হলেও খসড়া পরিকল্পনা অনুযায়ী ক্যারিবিয়ানরা বাংলাদেশে পা রাখবে আগামী ১৫ অক্টোবর। এরপর ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দুই ফরম্যাটের সিরিজ খেলবে।



জানা গেছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে সিরিজ শুরু হবে। তিন ওয়ানডের দুইটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একটি ওয়ানডে অনু্ষ্ঠিত হবে চট্টগ্রামে।



একটি টি-টোয়েন্টি ম্যাচও আয়োজিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।




এর আগে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করলেও ওয়ানডেতে বাংলাদেশই ধবলধোলাই হয়েছিল।




বেশ ব্যস্ত সূচির মধ্যে রয়েছে বাংলাদেশ। এই মুহুর্তে ঘরের মাঠে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। এরপর সিরিজ শেষে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে লিটন দাসের দল। মহাদেশীয় আসর শেষে সে দেশেই আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড।

Post a Comment

Previous Post Next Post