এসএ টোয়েন্টির নিলামে সাকিব-মুস্তাফিজসহ ১৪ বাংলাদেশি, কে কোথায় খেলবেন?

 

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এসএটি-২০ এর নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। নিলামে উঠবেন ৫৪১ ক্রিকেটার। নিলামে নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানসহ ১৪ বাংলাদেশি ক্রিকেটার। নাম দিয়েছেন ৪৩ বছর বয়সী জেমস অ্যান্ডারসনও।



নিলামে নাম দিয়েছেন টাইগারদের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান। তার পাশাপাশি আছেন তানজিম হাসান সাকিব, স্পিনার শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।



জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। একের পর লিগে খেলছেন এই তারকা অলরাউন্ডার। মুস্তাফিজুর রহমানও চলতি বছর খেলেছেন আইপিএলে। দল পেয়েছেন আইএলটি-২০তে। এর বাইরে বাকিরা টি-টোয়েন্টি দলের প্রায় নিয়মিত মুখ।






নিলামে নাম দিয়েছেন ইংল্যান্ডের ৯৭ ক্রিকেটার। তাদের মধ্যে আছেন জেমস অ্যান্ডারসন, মঈন আলী, অ্যালেক্স হেলসরা। শ্রীলঙ্কা থেকে নাম দিয়েছেন ২৪ ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন ২৮ জন। নেপালের দীপেন্দ্র সিং আইরেও উঠবেন নিলামে৷ বিগ ব্যাশের সাথে সাংঘর্ষিক সূচির কারণে অস্ট্রেলিয়ার মাত্র দুই ক্রিকেটার নাম দিয়েছেন এসএটি-২০ এর নিলামে।


নিলামে উঠবেন ২৪১ বিদেশি ক্রিকেটারের পাশাপাশি স্বাগতিকদের ৩০০ ক্রিকেটার। অংশগ্রহণকারী ৬ দলের প্রত্যেকের স্কোয়াড হবে ১৯ সদস্যের। যেখানে দুইজন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। নিলামে সবচেয়ে অর্থ খরচ করতে পারবে প্রিটোরিয়া ক্যাপিটালস। পাঁচ বিদেশিসহ ১৩ ক্রিকেটার দলে নিতে তাদের অবশিষ্ট রয়েছে ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে কম অর্থ অবশিষ্ট রয়েছে এমআই কেপটাউনের। ০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার অবশিষ্ট অর্থ নিয়ে ১২ ক্রিকেটার দলে নিতে হবে তাদের।




চলতি বছরের ২৬ ডিসেম্বরে মাঠে গড়াবে এসএটি-২০ এর এবারের আসর। ২৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে।


Post a Comment

Previous Post Next Post