সাউদিকে টপকে ১৬৫ উইকেট! রেকর্ডবুকে এক নম্বরে রশিদ খান!

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এতদিন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির দখলে। তবে সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমে সেই রেকর্ড টপকে গেলেন রশিদ।



ত্রিদেশীয় সিরিজে ইউএই-এর বিপক্ষে ম্যাচে বল হাতে ছিলেন সব সময়ের মতোই শাসকসুলভ। চার ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় নিলেন তিনটি উইকেট। এর সুবাদে রশিদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট সংখ্যা দাঁড়াল ১৬৫টি। এতেই টিম সাউদির ১৬৪ উইকেটের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারির আসনে বসলেন আফগান তারকা।



২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া রশিদের ক্যারিয়ার দশ বছরের। তবে এই সময়ের মধ্যেই তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তার সাফল্য শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তাকে পরিণত করেছে এক অপ্রতিরোধ্য বোলিং অস্ত্রে। আইপিএল, বিপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ—প্রায় সব বড় লিগেই তিনি আধিপত্য বিস্তার করেছেন।


বলা যায়, সীমিত ওভারের ক্রিকেটে আধুনিক যুগের অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠেছেন এই আফগান লেগ স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় এখন এক নম্বরে রশিদ। তার ঠিক পেছনে রয়েছেন টিম সাউদি। আর এ অর্জন রশিদের ক্যারিয়ারে যোগ করল আরেকটি উজ্জ্বল অধ্যায়।



টিম সাউদি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার ইশ সোধি। তার উইকেট সংখ্যা ১৫০, রশিদের থেকে খুব পেছনে নয়। চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবের উইকেট সংখ্যা ১৪৯। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কার্যত শেষ বলা যায়। পঞ্চম স্থানেও আছেন আরেক বাংলাদেশি, মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের ঝুলিতে ১৪২ উইকেট।




Post a Comment

Previous Post Next Post