এশিয়া কাপের এবারের আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ। তবে জয়ের পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা থেমে নেই। দলের লক্ষ্য আগামী ম্যাচগুলোতে আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জয়ের দিকে এগোনো।
এশিয়া কাপ শুরুর আগে ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। হার্শা ভোগলে, আকাশ চোপড়া ও শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড বাংলাদেশের গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হবে বলে মনে করেছেন। বি-গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে সুপার ফোরের দাবিদার হিসেবে এগিয়ে রাখেন তারা।
ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তিনি বলেন, "বাংলাদেশ ভারতীয় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আফগানিস্তানের বোলাররা হুমকিস্বরূপ, কিন্তু যদি ভারত ১৭০ রানের বেশি করে, তারা কি সেটা তাড়া করতে পারবে? এটা অনেকটাই অসম্ভব।"
এই মন্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশি পেসার তানজিম সাকিব। তিনি বলেন, "কারো মন্তব্যে দলের ওপর কোনো প্রভাব পড়ে না। সবারই মুখ আছে, যা ইচ্ছা তা বলতে পারে। যারা চুক্তির মধ্যে নেই, তারা বিশেষভাবে যা ইচ্ছা বলবে। তবে কে কী বলল বা বলল না, তাতে আমাদের কিছু যায় আসে না।"
অশ্বিন আরও উল্লেখ করেছেন, এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার মতো কোনো দল নেই। তিনি মনে করেন, প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ‘এ’ দলকেও এশিয়া কাপে যুক্ত করা যেতে পারে।
বাংলাদেশের লক্ষ্য এখন পরবর্তী ম্যাচগুলোতে ভালো করে সুপার ফোরে জায়গা নিশ্চিত করা এবং শিরোপার জন্য ধাপে ধাপে এগোনো।

Post a Comment