এবারের এশিয়া কাপে ব্যাটিংয়ের পর বোলিংয়ের মুকুটও হারালেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ম্যাচে সূর্যকুমার যাদবকে আউট করে তাকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন মোস্তাফিজুর রহমান।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রানের হিসেবে সাকিবকে ছাড়িয়ে যান লিটন কুমার দাস।
প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে থাকার কারণে মূলত নিজের দুই মুকুট হাতছাড়া হতে দেখলেন সাকিব। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।
সাকিবের চেয়ে ৯ ইনিংস কম বল করেই তাকে টপকে গেলেন মোস্তাফিজ। অভিজ্ঞ বাঁহাতি পেসারের নামের পাশে এখন ১১৮ ম্যাচের ১১৭ ইনিংসে ১৫০ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের মাইলফলক ছোঁয়া চতুর্থ বোলার মোস্তাফিজ।
দেড়শ উইকেটের মাইলফলকের পথে এখন পর্যন্ত ৩ বার ম্যাচে ৪ উইকেট ও ২ বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটি তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।
এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ খান। এখন পর্যন্ত ১০৩ ইনিংসে ১৭৩ উইকেট নিয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার। নিউ জিল্যান্ডের টিম সাউদি ১২৩ ইনিংসে ১৬৪ ও স্বদেশি লেগ স্পিনার ইশ সোধি ১২১ ইনিংসে নিয়েছেন ১৫০ উইকেট।

Post a Comment