ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। প্রতিনিয়তই আসছে নিত্যনতুন পরিবর্তন কিংবা নতুন নতুন সিদ্ধান্ত। এবার আরেকটি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের বিদেশে চিকিৎসার স্থানে বদল আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।
গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে ভিসা সেবা বন্ধ রেখেছে ভারত সরকার। বেছে বেছে অল্পসংখ্যক বাংলাদেশীর চিকিৎসার জন্য ভিসা দিচ্ছে দেশটি। সেটি পেতেও কম ভোগান্তি পোহাতে হচ্ছে না মানুষের। তাই ক্রিকেটারদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হিমশিম খেতে হচ্ছে বিসিবিকে।
এমন অবস্থায় ক্রিকেটারদের দিকে তাকিয়ে ভারত নির্ভরতা কমানোর চিন্তাভাবনা করছে বিসিবি। তাই বোর্ড চাইছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি সই করতে। যেন ক্রিকেটাররা সল্প সময়ের ভেতর ভিসা নিয়ে এই দুই দেশে চিকিৎসার জন্য দ্রুত যেতে পারেন। বিসিবির মেডিকেল বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র চ্যানেল 24 অনলাইঙ্কে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটির ভাষ্যমতে, 'লম্বা সময় ধরে তো ভারতের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাই আমরা চাইছি মালেশিয়া ও থাইল্যান্ডের সাথে মেডিকেল চুক্তি করতে। যেন ক্রিকেটারদের দ্রত সময়ের ভেতর সেখানে আমরা পাঠাতে পারি। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, ভারত নির্ভরতা কমাতেই আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি। আশা করছি দিন কয়েকের ভেতর বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।'
এই মুহূর্তে ভারতের মেডিকেল ভিসা পেতে প্রায় মাস দুয়েকের মতো লেগে যাচ্ছে ক্রিকেটারদের। তা ছাড়া বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্যও মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে ওয়ার্কশপের ব্যাবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে বিসিবির। তাই বিসিবির এই সিদ্ধান্ত যে দেশের ক্রিকেটের জন্য যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে, সেটা না বললেও চলে।

Post a Comment