আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে খেলছেন ঘরোয়া ক্রিকেটে। পুরোপুরি খেলা ছেড়ে দেওয়ার পর কী করবেন রিয়াদ? দেখা যাবে কোচিংয়ে?
মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কোচিংয়ে দেখার ব্যাপারে গুঞ্জন ছিল আগে থেকেই। তবে দুজন নিজ থেকে কিছু বলেননি। এবার কোচিংয়ে আসার প্রসঙ্গে জবাব দিয়েছেন রিয়াদ। তবে সরাসরি উত্তর দিতে চাননি তিনি।
লন্ডনে ডিসট্রিক্ট টুর্নামেন্ট খেলতে থাকা রিয়াদ কোচিংয়ে আসা প্রসঙ্গে বলেছেন, ‘এটা (কোচিংয়ে আসব কিনা) নির্ভর করে। এটা এখন বলা যাবে না।’
রিয়াদ আরও বলেছেন, ‘আমি এই টুর্নামেন্টের কথা আগেও শুনেছি। খুবই ভালো টুর্নামেন্ট। এর আগের বছর মনে হয় ইমরুল কায়েস খেলেছে। এছাড়া সাব্বির রহমান রুম্মান খেলেছে, (মোহাম্মদ) আশরাফুল নিয়মিত খেলছে। জহুরুল হক ওমি, যে আমার ভালো বন্ধু সেও খেলেছে। ভালো টুর্নামেন্ট, আশা করি এখানে কিছু অবদান রাখতে পারব।’
জাতীয় দলের ড্রেসিংরুম প্রসঙ্গে রিয়াদ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দের অনুভূতি ছিল। সেখানে থাকাটা অনেক বড় দায়িত্ব, জাতীয় দলে পারফর্ম করা। তরুণদের আমার মনে হয় সামনে তাকিয়ে জাতীয় দলে খেলার লক্ষ্য নির্ধারণ করতে হবে, এটাই সর্বোচ্চ চূড়া। আমিও সামনে তাকিয়ে আছি।’
তরুণদের বার্তা দেওয়ার ব্যাপারে রিয়াদ বলেছেন, ‘আমার মনে হয় তরুণদের জন্য একটা বার্তাই হওয়া উচিত, কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনও সাফল্য পাওয়া যাবে না। শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ওয়ার্ক ইথিক্স নিয়ে। জিম, ট্রেনিং সবকিছুতে নিয়মিত থাকতে হবে।’
সব ঠিক থাকলে এনসিএল টি-টোয়েন্টিতে খেলার কথা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের।

Post a Comment