ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ব্যর্থতার পর এবার নতুন করে দল সাজাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ধারাবাহিকতায় কোচিং প্যানেল ঢেলে সাজিয়েছে তারা। এরই অংশ হিসেবে তিনবারের চ্যাম্পিয়নরা সহকারী কোচ হিসেবে যুক্ত করল দুইবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনকে।
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে অভিষেক নায়ারকে প্রধান কোচ এবং ডোয়াইন ব্রাভোকে মেন্টর করার পর, এবার কোচিং স্টাফে নতুন সংযোজন হয়েছেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। এছাড়া, কেকেআর-এর কোচিং প্যানেলে নতুন আরেক মুখ নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি।
গত আসরে কেকেআর সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। তাই এবার সাবেক কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে নতুন প্যানেল তৈরি করেছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ওয়াটসন বলেন,‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা অনেক সম্মানের। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে সাহায্য করতে কোচিং গ্রুপ ও খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২০০৭ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী ওয়াটসন আইপিএলে দ্বিতীয় দফায় কোচিংয়ে এলেন। এর আগে ২০২২ ও ২০২৩ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন। খেলোয়াড় হিসেবেও ওয়াটসনের আইপিএল ক্যারিয়ার বর্ণিল। তিনি ২০০৮ সালে রাজস্থান রয়্যালস এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসকে শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিলেন।

Post a Comment