বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। দলটির অধিনায়কত্বও পেতে যাচ্ছেন তিনি। এর আগেই অবশ্য আলোচনা চলছিল জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে। তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি নিজেরাই। তাকে পেতে ১ কোটি ২ লাখ টাকা খরচ করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। প্রাথমিক যাচাই–বাছাইয়ের পর আর্থিক স্বচ্ছতা এবং কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ।
ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া টুর্নামেন্টে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। মালিকানা পাওয়ার পরই নতুন কোচ নিয়োগ দিয়েছে তারা। বিপিএলের আগামী মৌসুমে রাজশাহীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে হান্নান সরকারকে।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের বিপিএলের ড্রাফট। এর আগেই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। দলটি বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও আলোচনা শুরু করেছে তারা। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথা বার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি।

Post a Comment