চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণটাই ছিল রোমাঞ্চকর। পাকিস্তানের কাছে হেরে আসরে প্রায় বিদায় হয়ে গিয়েছিল নিগার সুলতানাদের। তবে ওয়েস্ট ইন্ডিজ রান রেটের সমীকরণ মেলাতে না পারায় সৌভাগ্যক্রমে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেই পাকিস্তানের বিরুদ্ধেই মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল।
পূর্বের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের আসরে সেটিই ছিল টাইগ্রেসদের একমাত্র জয়, যা পাকিস্তানকে ছিটকে দিয়েছিল প্রতিযোগিতা থেকে। এবারও একই প্রতিপক্ষের বিপক্ষে জয়ে শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন,“মাঠে যখন নামি, ফাতিমা সানাকে (পাকিস্তান অধিনায়ক) আমি বন্ধু হিসেবে দেখি না। সে আমাকে আউট করার চেষ্টা করবে, আমি তাকে প্রতিপক্ষ হিসেবেই দেখব। জয়ের লক্ষ্যেই মাঠে নামব।
র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। লাহোরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে জয় পেয়েছিল ফাতিমা সানারা। তবে এবার ইতিহাস বদলে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় টাইগ্রেসরা।

Post a Comment