সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই বদলে গেল এই সিরিজের সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর সিরিজের ছয় ম্যাচের মধ্যে তিনটির তারিখে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৮, ২০ ও ২৩ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডের তারিখ বদলেছে; ২০ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি এখন হবে ২১ অক্টোবর।সিরিজের বাকি দুটি ম্যাচের তারিখ অপরিবর্তিত থাকছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের তারিখও পরিবর্তন করা হয়েছে। আগের সূচি অনুযায়ী টি-টোয়েন্টিগুলো হওয়ার কথা ছিল ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর এবং দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর। শেষ টি-টোয়েন্টিটি ৩১ অক্টোবরই থাকছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে এবং ওয়ানডে সিরিজ শেষে তারা ২৪ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে।
উল্লেখ্য, সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলেও টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।
এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরিবর্তিত সূচি:
প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর (মিরপুর, বেলা ১টা ৩০ মিনিট)
দ্বিতীয় ওয়ানডে: ২১ অক্টোবর (মিরপুর, বেলা ১টা ৩০ মিনিট)
তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর (মিরপুর, বেলা ১টা ৩০ মিনিট)
প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর (চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর (চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা)
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর (চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা)

Post a Comment