নুর আহমেদের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারি সোজা ছক্কা মেরে দিলেন তানজিদ হাসান তামিম। এর সৌজন্যে হয়ে গেল ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। যেখানে তার সঙ্গী পারভেজ হোসেন ইমন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ১৫১ রানের জবাবে ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৯ রান। এই ওভার পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টির উদ্বোধনী জুটিতে তামিম ও ইমনের মোট সংগ্রহ ৪০৩ রান।
১৫ ইনিংসে ১টি করে ফিফটি ও শতরানের জুটিতে এই রান করেছেন তামিম ও ইমন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
এত দিন রেকর্ডটি ছিল লিটন কুমার দাস ও মোহাম্মদ নাঈম শেখের। তারা দুজন মিলে ১৭ ইনিংসে ৩টি পঞ্চাশছোঁয়া উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৩৯৫ রান।
উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড থেকে অনেক দূরে বাংলাদেশ। পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে ৫৬ ইনিংসে ১০টি ফিফটি ও ৮টি সেঞ্চুরিছোঁয়া উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ২ হাজার ৫২২ রান।
আর কোনো জুটির ওপেনিংয়ে ২ হাজার রানেরও নজির নেই।

Post a Comment