এখন নয় তো কখনই না!’ বিশ্বকাপ খেলতে হলে যা করতেই হবে বাংলাদেশকে!

 

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের ধারাবাহিকতায় বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তাই দীর্ঘদিন পর এই ফরমেটে আফগানিস্তানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। শুধু তাই নয় ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মেলাতে আফগান সিরিজ বাংলাদেশের কঠিন পরীক্ষা।



কেননা র‍্যাংকিংয়ে উন্নতি ঘটাতে না পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগটাই পাবে না টাইগাররা। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। তবে দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টের স্বাগতিক দল হিসেবে খেলতে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯ দল পর্যন্ত বাছাইপর্বের বাধা ছাড়া অংশ নিতে পারবে বিশ্বকাপের মূল পর্বে।



আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতোমধ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই টাইগারদের সামনে। সেই দুই ম্যাচে জিতলেও র‍্যাঙ্কিংয়ের নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮০ রেটিং পয়েন্ট নিয়ে নিজেদের বর্তমান দশম অবস্থানে রয়ে যাবে বাংলাদেশ।




এরপর তখন র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে। যদি আফগানিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ পরাজিত করতে পারে বাংলাদেশে, তবে উইন্ডিজদের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেই র‍্যাঙ্কিংয়ের নবম অবস্থানে উঠে আসবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর যদি আফগান সিরিজে হেরে যায়, তবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার বিকল্প থাকবে না বাংলাদেশের সামনে।



অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেও বাংলাদেশের কাছে সময় থাকবে। কেননা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি শীর্ষে থাকা ৯ দল (স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সহ) সরাসরি সে বছর ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তবে এই সময়ের মধ্যে বাংলাদেশের তুলনায় বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ।


আর ২০২৬ এর সেপ্টেম্বরে ভারত সিরিজের আগে এফটিপিতে নেই বাংলাদেশের আর কোনও ওয়ানডে ম্যাচ। মাঝে লম্বা সময় কেটে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। তাই এখনই র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলতে না পারলে জটিল সমীকরণের মারপ্যাচে পড়বে বাংলাদেশ।


উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয়েছিল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মাঠে নামবে বাংলাদেশ দল। পরবর্তী ১৪ অক্টোবর খেলবে সিরিজের শেষ ম্যাচ। এরপর ঘরের মাঠে ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Post a Comment

Previous Post Next Post