সুপার ওভারে রিশাদকে না নামানোর কারণ জানালেন সৌম্য!

 

মিরপুরের রোমাঞ্চকর দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয় বাংলাদেশের। তবে ম্যাচশেষে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই—সুপার ওভারে কেন দেখা গেল না রিশাদ হোসেনকে?


মাত্র ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফেরানো সেই রিশাদকে না পাঠানোতে অবাক পুরো ক্রিকেটপ্রেমী মহল। এমনকি ওয়েস্ট ইন্ডিজের ডাগআউটেও দেখা যায় বিস্ময়ের ছাপ।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন সৌম্য সরকার। দলের প্রতিনিধি হিসেবে কথা বলতে এসে তিনি জানান, এটি ছিল কোচ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পরিকল্পিত সিদ্ধান্ত।


সৌম্য বলেন,


“এটা কোচ আর অধিনায়কের সিদ্ধান্ত ছিল। এটা আসলে পরিকল্পনার অংশ। তারা চেয়েছিলেন মূল ব্যাটারদের পাঠাতে, যাদের হাতে অভিজ্ঞতা আছে।”


সুপার ওভারে ১১ রানের টার্গেটে ওপেন করেন সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য দ্রুত আউট হলে, নাজমুল হোসেন শান্ত নামেন ব্যাটিংয়ে। তবে তিনজন মিলে আকিল হোসেনের ওভার থেকে নিতে পারেন মাত্র তিন রান — বাকিটা আসে নো বল, লেগ বাই ও ওয়াইড থেকে।


শেষ দুই বল বাকি থাকতে রিশাদকে পাঠানো যেত কি না, এমন প্রশ্নে সৌম্যের ব্যাখ্যা,


“দেখুন, এখানে বাঁহাতি স্পিনার বল করছিল। তাই বাঁহাতি ব্যাটারদের পাঠানোই যৌক্তিক মনে হয়েছে। কোচ ও অধিনায়ক সেটাই ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন।”


তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, রিশাদের মতো হার্ড হিটারকে সুপার ওভারে সুযোগ না দেওয়াটা ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত — যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।

Post a Comment

Previous Post Next Post