বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোক করেছেন। বর্তমানে দলের সাথে শ্রীলঙ্কায় আছেন তিনি। সেখানেই স্ট্রোক করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ সারোয়ার ইমরান।
বাম পায়ে একটু অবশ অনুভূত হওয়ার কারণে দলের সাথে থাকা চিকিৎসকের সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান কোচ সারোয়ার ইমরানকে। হাসপাতালে এমআরআই করানোর পর জানা যায়, ব্রেইনে মাইনর স্ট্রোক হয়েছে সারোয়ার ইমরানের। ২৯ সেপ্টেম্বর হাসপাতালেই থাকতে হয়েছে ইমরানকে। তবে পরের দিন (৩০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টিম হোটেলে ফেরেন তিনি। বর্তমানে দলের সাথেই আছেন তিনি, শঙ্কার কিছু নেই।
ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ অভিযান। এবারের নারী বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার ৫ ভেন্যুতে। ভারতের ৪ ভেন্যু বিশাখাপাটনাম, গৌহাটি, নাভি মুম্বাই, ইন্দোরের সাথে আছে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম। হাইব্রিড মডেলে নিজেদের সব ম্যাচ কলম্বোতে খেলবে পাকিস্তান। তারা সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত গেলে সেমি এবং ফাইনালের ম্যাচও হবে কলম্বোতে।
বাংলাদেশ নারী দলের সাবেক প্রধান কোচ হাসান তিলকারত্নের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করা হয়েছিল সারোয়ার ইমরানকে। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করে বাংলার মেয়েরা। এবার বিশ্বকাপে অংশ নিতেও গিয়েছে প্রধান কোচ ইমরানের অধীনে।

Post a Comment