এশিয়া কাপে রীতিমতো নাটকীয় দৃশ্য দেখা গেল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে। ইনিংসের শেষ ওভারে বল হাতে আসেন শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েলালাগে। এর আগের তিন ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি, রান দেন খুবই কম। কিন্তু সেই ওয়েলালাগের শেষ ওভারেই ঘটে অবিশ্বাস্য ঘটনা।
আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ওয়েলালাগের প্রথম চার বলে হাঁকান টানা চার ছক্কা! শুধু তাই নয়, পুরো ওভারেই তিনি উড়িয়ে মারেন পাঁচ ছক্কা। একটি বল ছিল নো-বল, যার ফলে ওভার থেকে আসে মোট ৩২ রান।
অবিশ্বাস্য এই ইনিংসে নবি মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত খেলেন ২২ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস। শেষ বলে রান আউট হলেও তার ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ দাঁড় করায় ১৬৯ রান।
তবে এই ওভারের পর উঠেছে বিতর্ক। কারণ টানা তিন ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করা ওয়েলালাগে হঠাৎ শেষ ওভারে এক নো বলসহ ৫ ছক্কা হজম করায় ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ দেখা দিয়েছে ক্রিকেট মহলে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন—এমন হঠাৎ ধস নামার কারণ কী?

Post a Comment