এশিয়া কাপে একের পর এক ব্যর্থতায় রীতিমতো অস্বস্তিকর রেকর্ড গড়লেন পাকিস্তানের তরুণ ব্যাটার সাইম আইয়ুব। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে শেখ মেহেদি হাসানের বলে আউট হয়ে তিনি গড়লেন সর্বাধিক শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড।
ম্যাচে তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি সাইম। এ নিয়ে চলতি এশিয়া কাপে তার ছয় ম্যাচের চারটিতেই শূন্য রানে সাজঘরে ফিরতে হলো।
আগের রেকর্ডধারীরা
এর আগে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর কোনো বহুজাতিক টুর্নামেন্টে সর্বাধিক ডাকের রেকর্ড ছিল মাশরাফি বিন মুর্তজা, তানজিদ হাসান তামিম, আন্দ্রে ফ্লেচার এবং রেগিস চাকাভার। প্রত্যেকেই তিনবার করে শূন্য রানে আউট হয়েছিলেন।
আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ): ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে ৩ বার ডাক
মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ): ২০১৬ এশিয়া কাপে ৫ ইনিংসে ৩ বার ডাক
রেগিস চাকাভা (জিম্বাবুয়ে): ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ইনিংসে ৩ বার ডাক
তানজিদ হাসান তামিম (বাংলাদেশ): ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ইনিংসে ৩ বার ডাক
সাইমের ব্যর্থতা
গ্রুপ পর্বে ওমান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন এই বাঁহাতি ব্যাটার। সুপার ফোরে এসে ভারতের বিপক্ষে করেছিলেন ২১ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২ রান। তবে শেষ ম্যাচে আবারও শূন্য রানে ফেরায় আগের রেকর্ডধারীদের ছাড়িয়ে এককভাবে শীর্ষে চলে গেলেন তিনি।
২৩ বছর বয়সী এই ব্যাটারের ধারাবাহিক ব্যর্থতা এখন পাকিস্তানের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment