ভারতের বিশ্বখ্যাত অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনও খেলতে চান লিগ ক্রিকেটে। তবে এবার গন্তব্য চমকে দেওয়ার মতো— বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)!
ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অশ্বিন জানিয়েছেন, তিনি বাংলাদেশের বিপিএল খেলতে ভীষণ আগ্রহী। কারণ হিসেবে তিনি বলেছেন, “বাংলাদেশ আমার কাছে সবসময়ই বিশেষ। এখানকার মানুষ ক্রিকেটকে হৃদয় দিয়ে ভালোবাসে। আমি যদি সুযোগ পাই, বিপিএলে অবশ্যই খেলতে চাই। বাংলাদেশি দর্শকদের সামনে মাঠে নামাটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ হবে।”
অশ্বিন ইতোমধ্যে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। সব কিছু ঠিক থাকলে আসন্ন মৌসুমেই বাংলাদেশের মাঠে দেখা যেতে পারে এই অফস্পিনারকে।
এ প্রসঙ্গে অশ্বিন আরও যোগ করেন, “বাংলাদেশের বিপিএল দিন দিন জনপ্রিয় হচ্ছে। আমি বিশ্বাস করি, এই লিগে খেলে আমি নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গেও অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই।”
উল্লেখ্য, এর আগে একাধিক আন্তর্জাতিক তারকা ক্রিকেটার বিপিএলে খেলেছেন। তবে ভারত থেকে খুব কম খেলোয়াড় এ লিগে নাম লিখিয়েছেন। যদি অশ্বিন সত্যিই বিপিএলে খেলেন, তবে তিনি হবেন অন্যতম বড় আকর্ষণ।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই বলছেন, “অশ্বিন যদি বিপিএলে আসে, তবে এবারের মৌসুম জমজমাট হয়ে উঠবে।”

Post a Comment