দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে সাত রানে হারাল শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ২৯৮ রান করে লঙ্কানরা। শেষ ওভারে হ্যাটট্রিক করে জিম্বাবুয়েকে ২৯১ রানে থামিয়ে দেন দিলশান মাদুশাঙ্কা।
টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরুতেই লঙ্কান ওপেনারদের দিশেহারা করে দেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড গারাভা। ১৩টি বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন নিশান মাদুশকা। প্রথম ৫ ওভারে মাত্র ৯ রান সংগ্রহ করে একটি উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে তারপর শতরানের জুটি পায় দলটি।
দ্বিতীয় উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়েন পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ১২৮ বলের এই জুটি ভাঙেন শেন উইলিয়ামস। ৬৩ বলে ৩৮ রান করে বিদায় নেন মেন্ডিস। খানিকবাদে নিসাঙ্কাকে শিকার করেন মুজারাবানি। ৯২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন লঙ্কান ওপেনার। তার ব্যাট থেকে আসে ১২টি বাউন্ডারি।
ভালো খেলতে থাকা সাদিরা সামারাবিক্রমাকে শিকার করেন সিকান্দার রাজা। ৪০ বলে ৩৫ রান করে বিদায় নেন তিনি। পরের বলেই আউট হয়ে যান চারিথ আসালাঙ্কা। শ্রীলঙ্কান অধিনায়ক ৯ বলে ৬ রান করেই মাঠ ছাড়েন। তবে তারপর আর শেষ বলের আগে উইকেট হারায়নি শ্রীলঙ্কা।
ষষ্ঠ উইকেটে মাত্র ৮৩ বলে ১৩৭ রানের দুর্দান্ত জুটি গড়েন জানিথ লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিস। দুইজনেই ঝড়ো ইনিংস খেলেন। ৪৭ বলে ৭০ রানের হার না মানা ইনিংস খেলেন লিয়ানাগে। তার ব্যাট থেকে ছয়টি চার ও তিনটি ছক্কা আসে। স্ট্রাইকরেট ছিল প্রায় ১৪৯।
অপরদিকে, কামিন্দু আউট হন ইনিংসে শেষ বলে। ৩৬ বলে ৫৭ রান করেন তিনি। তার প্রায় ১৫৯ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল চারটি চার ও দুইটি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাক পান ব্রায়ান বেনেট। একই ওভারে আউট হন ব্রেন্ডন টেইলর। চার বছর পর ওয়ানডে খেলতে নেমে তিনিও ডাক পান। দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার ০ রানে বিদায়ের পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। বেন কারান ও শেন উইলিয়ামসের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
তৃতীয় উইকেটে ১৩০ বলে ১১৮ রানের জুটি গড়েন তারা দুইজন। উইলিয়ামসকে শিকার করে এই জুটি ভাঙেন কামিন্দু মেন্ডিস। ৫৪ বলে ৫৭ রান করেন অধিনায়ক উইলিয়ামস। সাতটি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি।
উইলিয়ামসের বিদায়ের পর সিকান্দার রাজার সাথে ২২ রানের জুটি গড়েই বিদায় নেন বেন কারান। ৯০ বলে ৭০ রান আসে কারানের ব্যাট থেকে। এই ওপেনার হাঁকান আটটি বাউন্ডারি। তারপর ওয়েসলে মাধিভেরে ১০ বলে ৮ রান করেই বিদায় নেন।
ষষ্ঠ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়েও। এই জুটিতেই তারা জয়ের পথে পা বাড়ায়। টনি মুনিওঙ্গালে নিয়ে ১১৫ বলে ১২৮ রানের জুটি গড়েন রাজা। শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১০ রান। তখন ওভারে প্রথম বলেই আউট হয়ে যান রাজা। ৮৭ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। রাজার ইনিংসেও ছিল কেবল আটটি বাউন্ডারি।
ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান ব্রাড ইভানসও। তৃতীয় বলেও উইকেট পেয়ে হ্যাটট্রিক করে ফেলেন দিলশান মাদুশাঙ্কা। তৃতীয় বলে বোল্ড হন গারাভা। শেষ তিন বলে মাত্র দুই রান নিতে পারে জিম্বাবুয়ে। ফলে ৭ রানে ম্যাচ হেরে যায় স্বাগতিকরা। মাদুশাঙ্কা একাই নেন চারটি উইকেট।

Post a Comment