৫০০ উইকেট নিয়ে সাকিবের জোড়া ইতিহাস!
ওভারের তৃতীয় বলেই সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু লং অনে ঠিকঠাক ক্যাচ নিতে পারেননি জেডেন সিলস। তবে অপেক্ষা বেশি লম্বা করলেন না সাকিব। ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ নিয়ে ৫০০ উইকেটের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে রোববার রাতে সেইন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ আউট করেন সাকিব। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি সাকিবের ৫০০তম উইকেট।
বিশ্ব ক্রিকেটের প্রথম বাঁহাতি বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন সাকিব। তার আগে ৫০০ উইকেট পাওয়া সবাই ডানহাতি বোলার। তারা হলেন- রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০), ইমরান তাহির (৫৫৪)।
এছাড়াও ব্যাট হাতে সাকিবের নামের পাশে আছে ৭ হাজার ৫৪৯ রান। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের 'ডাবল' স্পর্শ করা বিশ্বের প্রথম ক্রিকেটারও বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
৫০০ উইকেট নেওয়ার পথে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন সাকিব। এছাড়া আইপিএলে ৬৩, সিপিএলে ৪০ ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে তার আছে ২৮টি উইকেট।
৪৫৭ ম্যাচের ক্যারিয়ারে ম্যাচে ৫ বার ৫ উইকেট ও ১২ বার ৪ উইকেট পেয়েছেন সাকিব। এই ফরম্যাটে তার চেয়ে বেশি ৫ উইকেট আছে শুধু সাবেক দক্ষিণ আফ্রিকা ও বর্তমান নামিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসার (৭ বার)।
সিপিএলের ২০১৩ সালের আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৬ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। সেটিই এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
সেইন্ট কিটসের বিপক্ষে ম্যাচের ১৫তম ওভারে আক্রমণে আনা হয় সাকিবকে। তৃতীয় বল লং অন দিয়ে উড়িয়ে মারেন রিজওয়ান। অনেকটা দৌড়ে ক্যাচ নিলেও, ভারসাম্য হারিয়ে সীমানায় পা দিয়ে বসেন সিলস। তাই অপেক্ষা বাড়ে সাকিবের।
ওই ওভারেই শেষ বলে চমৎকার ডেলিভারিতে ফিরতি ক্যাচ নেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। পূর্ণ হয় তার ক্যারিয়ারের ৫০০ উইকেট।
নিজের পরের ওভারে সাকিব নেন আরও ২ উইকেট। এবার দ্বিতীয় বলে তার শিকার কাইল মায়ার্স আর পঞ্চম বলে আউট হন নাভিন বিদাইস। প্রথম দুই ওভারে মাত্র ১১ রান খরচ করে সাকিবের শিকার ২ উইকেট।

Post a Comment