শ্রীলঙ্কার ঘরোয়া লিগের ক্রিকেটার সালিয়া সামানকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ট্রাইবুনাল তাকে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে।
নিষিদ্ধ হয়েছেন লঙ্কান ক্রিকেটার
সামানের বিরুদ্ধে ২০২৩ সেপ্টেম্বরে অভিযোগ উঠে, ২০২১ সালের আবুধাবি টি-১০ লিগ চলাকালীন বিধি ভঙ্গ করেছেন তিনি। ওই সময় মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে অন্তর্বর্তীকালীনভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। এবার আসল চূড়ান্ত ঘোষণা।
৩৯ বছর বয়সী সালিয়া সামান তার ক্যারিয়ারে ১০১টি ফার্স্ট-ক্লাস ম্যাচ এবং ৭৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। স্বীকৃত ক্রিকেটে ৫ হাজারের বেশি রান ও সাড়ে তিন শর বেশি উইকেট রয়েছে।
ট্রাইবুনাল সামানকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করেছে—ধারা ২.১.১, ২.১.৩ ও ২.১.৪। ধারা ২.১.১ অনুযায়ী, তিনি ২০২১ আবুধাবি টি-টেনে কোনো ম্যাচ বা ম্যাচের অংশকে ফিক্সিং বা প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
আইসিসির নিষেধাজ্ঞায় শ্রীলঙ্কান ক্রিকেটার
ধারা ২.১.৩ অনুযায়ী, অন্য খেলোয়াড়কে দুর্নীতিমূলক কাজে অংশগ্রহণের জন্য পুরস্কারের প্রস্তাব করেছিলেন।
ধারা ২.১.৪ অনুযায়ী, অন্য খেলোয়াড়কে নিয়ম লঙ্ঘনের জন্য প্ররোচনা, উৎসাহ বা সহায়তা করেছিলেন। আইসিসি ও ডিজাইনেটেড অ্যান্টি-করাপশন অফিসার (ডিএসিও) তদন্ত শেষে সামানের এই অপরাধের প্রমাণ পেয়েছেন।
এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছর নিষিদ্ধ হয়েছেন সালান। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে লঙ্কান এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
২০২৩ সালে যে ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তারা হলেন- পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক কৃষণ কুমার চৌধুরি ও পরাগ সাঙভি, নাসির হোসেন, ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, ব্যাটিং কোচ আশার জাইদি, সহকারী কোচ সানি ধিলন ও দলীয় ম্যানেজার শাদাব আহমেদ। এ সময় বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি যা থেকে গত এপ্রিলে মুক্তি পান নাসির।

Post a Comment