শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেরুন টি-শার্ট পরা ব্যক্তির পরিচয়
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই গণঅধিকার পরিষদের কর্মীদের নির্দয়ভাবে পেটাচ্ছেন। এ ঘটনার পর থেকেই ওই ব্যক্তির পরিচয় নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে।
শনিবার সকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক পোস্টে দাবি করেন, হামলাকারী ওই ব্যক্তি একজন পুলিশ কনস্টেবল। তিনি তার নাম মিজানুর রহমান এবং বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩ বলে উল্লেখ করেন।
বিভ্রান্ত না হওয়ার আহ্বান
রাশেদ খান তার পোস্টে আরও জানান, মেরুন টি-শার্ট পরা ওই ব্যক্তি মূলত ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছেন, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভুলভাবে দাবি করছেন যে তিনি নুরকে পিটিয়েছেন। রাশেদ সবাইকে ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment