পিছিয়ে গেল এশিয়া কাপের ম্যাচের সময়!
এশিয়া কাপের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এসেছে। আগের সূচি অনুযায়ী রাতের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও তা ৩০ মিনিট পিছিয়ে শুরু হবে সাড়ে ৮টায়। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধায় সাড়ে ৬টায় শুরু হবে এশিয়া কাপের ১৯ ম্যাচের ১৮টি ম্যাচ।
এশিয়া কাপের ম্যাচের সময়সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। মূলত তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ। সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরম পড়ে। তাপমাত্রা দিনের বেলা ৪০ ডিগ্রিকেও ছাড়িয়ে যায়। সন্ধ্যার পর থেকে গরম কিছুটা কমতে থাকে। এর ফলে ক্রিকেট বোর্ডগুলোর অনুরোধ মেনে ব্রডকাস্টাররা ম্যাচ আধা ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এশিয়া কাপের ১৯ ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচই দিবারাত্রি ম্যাচ। দিনে যে একমাত্র ম্যাচটি আছে সেটি শুরু হবে আগের নির্ধারিত সময়েই। ১৬ সেপ্টেম্বর আবুধাবিতে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, অর্থাৎ স্থানীয় সময় বিকাল ৪টায়।
এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ৮ দল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, ওমানের সাথে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের সাথে রয়েছে হংকং। আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং এর ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

Post a Comment