বিসিবি সভাপতির বিশেষ বৈঠক: শান্ত-মিরাজদের মুখোমুখি ফিক্সিংয়ে আসছে কঠিন শাস্তি!
;
এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি চলছে জোরদারভাবে। ফিটনেস ক্যাম্প শেষে এখন স্কিল অনুশীলনে ব্যস্ত টাইগাররা। তবে সোমবার (১৮ আগস্ট) নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়।
অস্ট্রেলিয়া সফর শেষে সোমবারই ঢাকায় ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার পর মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন বিসিবির পরিচালকরা।
বৈঠকে শুধু এশিয়া কাপের প্রস্তুতি নয়, সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা ফিক্সিং ইস্যু নিয়েও কথা বলবেন সভাপতি। সর্বশেষ বিপিএলে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ফ্র্যাঞ্চাইজিগুলো নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করা হয়েছে।
ফলে মঙ্গলবারের বৈঠকে বুলবুল শুধু শান্ত-মিরাজদের প্রস্তুতি বিষয়েই নয়, বরং ক্রিকেটে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপেরও ঘোষণা দিতে পারেন। বোর্ডের ভেতর-বাহিরে সবাই এখন নজর রাখছে—সভাপতির কড়া নির্দেশনার পর এবার কী ধরনের সিদ্ধান্ত আসে বিসিবি থেকে।

Post a Comment