ত্রিদেশীয় সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা
পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। এশিয়া কাপ শুরুর আগে এটি হবে তিন দলের প্রস্তুতির মঞ্চ।
উগান্ডায় অনুষ্ঠিত পার্ল অব আফ্রিকা কাপে ফাইনালে হেরে যাওয়া ১৪ সদস্যের দল থেকে পরিবর্তন এনেছে আমিরাত। এবার নতুন করে ডাক পেয়েছেন হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জাওয়াদুল্লাহ। বাদ পড়েছেন আকিফ রাজা, মতিউল্লাহ খান ও জুহাইব জুবায়ের।
অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ ওয়াসিম থাকছেন অধিনায়ক হিসেবে। তাকে সহযোগিতা করবেন আলিশান শরাফু, আর্যংশ শর্মা ও রাহুল চোপড়া। ব্যাট হাতে দলের অন্যতম ভরসা হতে পারেন উগান্ডায় দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ জোয়াইব। অলরাউন্ডার সাগীর খানও জায়গা ধরে রেখেছেন। ভারতের সাবেক ওপেনার লালচাঁদ রাজপুত দায়িত্ব পালন করছেন দলের প্রধান কোচ হিসেবে।
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩০ আগস্ট মাঠে নামবে আমিরাত। ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ৪ সেপ্টেম্বর আবার পাকিস্তানের বিপক্ষে এবং ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।
এশিয়া কাপ শুরু হবে এই সিরিজের দু’দিন পর। তবে ইউএই ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই স্কোয়াডই এশিয়া কাপে খেলবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। আলাদা দল ঘোষণা হতে পারে।
আমিরাতের দল
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আর্যংশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোয়াইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান ও সাগীর খান।

Post a Comment