আগামী অক্টোবরে হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে নির্ধারিত সময়ে আর হচ্ছে না সেই নির্বাচন। যমুনা টিভির সিনিয়র স্পোর্টস রিপোর্টার তাহমিদ অমিতের তথ্য অনুযায়ী, নির্বাচনের পরিবর্তে গঠন হতে পারে একটি ১০ থেকে ১২ সদস্যের অ্যাডহক কমিটি, যারা আগামী ৬ থেকে ৭ মাস বিসিবি পরিচালনার দায়িত্বে থাকবে।
সবচেয়ে বড় চমক—এই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম দিককার সোনালি অধ্যায়ের অন্যতম নায়ক বুলবুল দীর্ঘদিন ধরেই প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছেন আন্তর্জাতিক পর্যায়ে। এবার তাকে সামনে এনে বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এমন সিদ্ধান্তে একদিকে যেমন নতুন নেতৃত্বে ক্রিকেট বোর্ড পরিচালনার সুযোগ তৈরি হবে, অন্যদিকে নির্বাচনের সময় নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাও কাটবে বলে মনে করছেন অনেকেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে হলে অপেক্ষা করতে হবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Post a Comment