ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়াও প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ দুই ক্রিকেটারকে স্কোয়াডে রাখার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
মূলত এবার দল গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে ভারসাম্য, অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। এমনটাই জানিয়েছেন লিপু।
সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা। এই প্রসঙ্গে লিপু বলেন, ‘আমরা নাহিদ রানাকে এবার অন্তর্ভুক্ত করিনি, কারণ পেস বোলিং বিভাগে পাঁচজনের জায়গা রাখিনি। আগের চারজন পেসারই দলে রয়েছেন।’
ওপেনিং পজিশন নিয়ে বেশ বিপাকে পড়েছে বিসিবি। এই পজিশনে ধরাবাহিকভাবে কেউই ভালো করতে পারছে না। সেটা অকপটে স্বীকার করে নিয়েছেন প্রধান নির্বাচক। তিনি জানান, ধারাবাহিকতা আনার জন্য এবার বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ নাঈমকে, ফিরেছেন সৌম্য সরকার।
‘আমাদের ওপেনিং অনেক দিন ধরেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। বিশেষ করে ওয়ানডেতে এমন কেউ দরকার, যে ইনিংস বড় করতে পারে। সাইফ হাসান তার কাজ করছে, কিন্তু তাকে আরও বড় ইনিংস খেলতে হবে। তার পাশে আমরা সৌম্য সরকারকে ফিরিয়ে এনেছি,’- বলছিলেন লিপু
সৌম্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘সৌম্য খুব অভিজ্ঞ একজন খেলোয়াড়—সে প্রায় ৮০টি ওয়ানডে খেলেছে এবং প্রায় এক দশক ধরে জাতীয় দলে রয়েছে। গত বছর নভেম্বরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফর্ম করেছিল। এখন লিটন দাস দলে নেই, তাই সৌম্যের অভিজ্ঞতা ওপরে অনেক কাজে লাগবে।’
সবশেষ সিরিজে মিডল অর্ডার ব্যাটাররা ভালো করতে পারেননি। যার ফলে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে টাইগারদের। যার ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অঙ্কনকে দলে ডেকেছে বিসিবি।
লিপু বলেন, ‘আমাদের মিডল অর্ডার সংগ্রাম করছে; প্রায় সবাই রান খরায় ভুগছে। এই জায়গা শক্ত করতে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়েছি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই দক্ষ খেলোয়াড়দের পুল তৈরি করা জরুরি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই অঙ্কনকে দলে আনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অঙ্কনকে দলে নেওয়ার ফলে আমাদের স্কোয়াডের গভীরতা বেড়েছে, যা অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টকে আরও বিকল্প দিচ্ছে। এতে এমন দুই-একজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়াও সম্ভব, যারা সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করতে পারেনি।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর,। সিরিজে বাকি দুই ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Post a Comment