সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী অক্টোবরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১৮ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি দুই ওয়ানডে ২০ এবং ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু চট্টগ্রামে।
২৪ অক্টোবর চট্টগ্রামে পৌঁছানোর পর ২৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ এবং ৩১ অক্টোবর। খেলা শেষে ১ নভেম্বর দেশে ফিরে যাবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজের সব ম্যাচ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ আয়োজিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় এবং টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের মাটিতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে, ওয়ানডে সিরিজ ২০২১ সালে। ফলে দীর্ঘ সময় পর বাংলাদেশ সফরে আসছে ক্যারিবিয়ানরা।

Post a Comment