বাংলাদেশি মিডল-অর্ডার ব্যাটসম্যান জাকের আলীকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন ইংলিশ পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উড। ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে পাওয়ার-হিটিংয়ের ওপর বিশেষ কাজ করে খ্যাতি অর্জন করেছেন তিনি। সম্প্রতি তিন সপ্তাহের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে উঠে এসেছে জাকের সম্পর্কে তার অভিমত।
উড মনে করেন, জাকের শুধু শক্তিশালী ব্যাটসম্যানই নন, তার মধ্যে এমন সামর্থ্যও আছে যা তাকে একদিন বিশ্বের সেরা ক্রিকেটারদের কাতারে পৌঁছে দিতে পারে। বাংলাদেশ দলে পছন্দের ক্রিকেটার প্রসঙ্গে কোনো দ্বিধা ছাড়াই জাকেরের নাম বলেন উড। তার মতে, জাকের ইতোমধ্যে পাওয়ার-হিটিংয়ের অনুশীলনকে উপভোগ করেছেন এবং নিজের খেলা আরও শাণিত করার চেষ্টা করছেন।
বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে উড বলেন, “জাকের খুব শক্তিশালী একজন ক্রিকেটার। সে এটা ভীষণভাবে উপভোগ করেছে এবং আমি এর উপকারিতা স্পষ্টভাবে দেখতে পেয়েছি।”
শুধু শক্তির ওপর নির্ভরশীল নন, জাকেরের রয়েছে প্রযুক্তিগত দক্ষতাও। বিভিন্ন জায়গায় শট খেলার ক্ষমতা তাকে আলাদা করে তোলে বলে বিশ্বাস করেন উড।
তিনি আরও বলেন, “পাওয়ার-হিটিং ক্ষমতার খেলোয়াড় হিসেবে জাকের আলীকেই বলতে হবে। সে খুব শক্তিশালী এবং ভিন্ন ভিন্ন জায়গায় শট খেলতে পারে। সে একজন ভালো খেলোয়াড়, প্রযুক্তিগতভাবেও দক্ষ। কিন্তু তার মধ্যে বিশেষভাবে শক্তি আছে। তার এমন ক্ষমতা আছে যে সে খেলায় সত্যিকার অর্থে প্রভাব ফেলতে পারে। আমি মনে করি সে বিশ্বের অন্যতম সেরা হতে পারে।”
বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে গিয়ে উড জাকেরকে ভিন্নভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পান। অনুশীলনের সময় মাঠে বড় হাতুড়ি ব্যবহার করে পাওয়ার-হিটিংয়ের বিশেষ কৌশল প্রয়োগের কথাও জানান তিনি। উডের মতে, ভারী হাতুড়ি দিয়ে অনুশীলন করার ফলে শরীরের প্রতিটি অংশের সমন্বয় বোঝা যায়, যা আসলে পাওয়ার-হিটিংয়ের মূল উদ্দেশ্য।
উড বলেন, “জাকের একটা বড় হাতুড়ি নিয়ে নাড়াচাড়া করছিল। তখন আমি বলেছিলাম যে আমি বাড়িতে এমন কিছু ব্যবহার করি। এটা কোনো বড় ব্যাপার নয়। তবে যেহেতু হাতুড়িটা ভারী, সুইং করার সময় শরীরের ভিন্ন ভিন্ন অংশের সমন্বয় অনুভব করা যায়। এটাই আসল উদ্দেশ্য।”
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পাওয়ার-হিটিংকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়ে আসছে। সেই জায়গায় জুলিয়ান উডের মতো বিশেষজ্ঞ কোচের উপস্থিতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তবে সবার ওপরে উডের চোখে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ইংলিশ কোচের বিশ্বাস, সামনে দিনের ক্রিকেটে জাকের বাংলাদেশের হয়ে বড় ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার হয়ে উঠবেন এবং বিশ্বসেরাদের তালিকায় নিজের নাম তুলে ধরবেন।

Post a Comment