এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো প্রকাশ করেছে তাদের সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশ। একমাত্র বাংলাদেশি হিসেবে এই একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অধিনায়কের দায়িত্বে আছেন মহেন্দ্র সিং ধোনি।
এই একাদশটি নির্বাচন করার ক্ষেত্রে দুটি বিশেষ শর্ত ছিল। শর্তগুলো হলো, শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে এবং একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়া যাবে।
সাকিব আল হাসান তার অলরাউন্ড নৈপুণ্যের জন্য এই একাদশে স্থান পেয়েছেন। বাংলাদেশ দলে যেমন সাকিবের আছে দারুণ পরিসংখ্যান, তেমনই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার পারফরম্যান্সও দারুণ।
ক্রিকইনফোর এই একাদশে ভারত থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তারা হলেন- বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি এবং জাসপ্রীত বুমরাহ। অন্যদিকে শ্রীলঙ্কা থেকে আছেন তিনজন, সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে এবং লাসিথ মালিঙ্গা।
একাদশের অন্য খেলোয়াড়রা হলেন, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও উমর গুল এবং আফগানিস্তানের রশিদ খান।
দ্বাদশ খেলোয়াড় হিসেবেও পাকিস্তানের সাঈদ আজমলকে বেছে নেওয়া হয়েছে। এক্ষেত্রে স্মরণ করা হয়েছে মুস্তাফিজুর রহমানকেও। তবে শেষ পর্যন্ত আজমলকেই রাখা হয়েছে।
এক নজরে সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশটি হলো : সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।

Post a Comment