বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আবারও বোর্ড প্রেসিডেন্ট হওয়ার চ্যালেঞ্জে যেতে চান না তিনি। চার বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ডিরেক্টরদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন হয়, আর সেই প্রক্রিয়ায় অংশ নেওয়ার ইচ্ছা নেই তার।
আমিনুল উল্লেখ করেন, সবার সহযোগিতায় আমি দায়িত্বে এসেছিলাম। কিন্তু আবার যে হতে পারব বা হওয়া সম্ভব, সেই চ্যালেঞ্জ নিতে চাই না। মানসম্মান নিয়ে সরে যেতে চাই।
তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো পরিকল্পনা নেই তার। বরং তিনি ইঙ্গিত দিয়েছেন, হয়তো আবারও যোগ দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দায়িত্বে। সিঙ্গাপুর সফরে আইসিসি কর্মকর্তারা তাকে জানিয়েছেন, ডেভেলপমেন্ট ম্যানেজারের পদ এখনও শূন্য এবং গ্লোবাল হাই পারফরম্যান্স ম্যানেজারের পদেও তাকে বিবেচনায় রাখা হয়েছে। দীর্ঘ ১৯ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করায় সংস্থাটি এখনও তাকে মূল্যায়ন করছে বলে জানান বুলবুল।

Post a Comment